বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

রাতে ফুল ফোটা প্রথম অর্কিড!

বি. নকটার্নাম বি. নকটার্নাম
শুধু রাতেই ফুল ফোটে, এমন এক অর্কিডের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন একদল উদ্ভিদবিজ্ঞানী। বিজ্ঞানীদের জানামতে, ২৫ হাজারের মতো পরিচিত অর্কিড প্রজাতির মধ্যে রাতে ফুল ফোটা জাতের সন্ধান পাওয়ার ঘটনা এটাই প্রথম। প্রজাতিটির ব্যতিক্রমী এই আচরণের কারণ এখনো জানা যায়নি।
পাপুয়া নিউগিনির কাছে নিউ ব্রিটেন নামের একটি দ্বীপে নেদারল্যান্ডের এক গবেষক অর্কিডের এ নতুন প্রজাতির সন্ধান পান।
যুক্তরাজ্যের রয়্যাল বোটানিক গার্ডেনসের (কিউ গার্ডেন) অর্কিড বিশেষজ্ঞ অ্যান্ড্রু সুইটম্যান বলেন, এটা খুবই অপ্রত্যাশিত একটা ব্যাপার। কেননা, অর্কিডের বহু প্রজাতি রয়েছে। কিন্তু এর কোনোটাই রাতে ফোটে না। তিনি আরও বলেন, অর্কিড নিয়ে এত বছরের গবেষণার পর রাতে ফোটে, এমন প্রজাতি খুঁজে পাওয়াটা সত্যিই ‘অসাধারণ’।
দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপ নিউ ব্রিটেনে মাঠপর্যায়ে গবেষণা চালানোর সময় ডাচ গবেষক ইড ডি ভোগেল নতুন এই অর্কিডের সন্ধান পান। তবে তিনি চারাটি দেশে নিয়ে আসার পরই কেবল এটির ফুল রাতে ফোটার বিষয়টি ধরা পড়ে।
এই অর্কিডের একটি বৈশিষ্ট্য হচ্ছে, এর ফুল ফুটে কেবল এক রাতই স্থায়ী থাকে। এর নাম দেওয়া হয়েছে বি. নকটার্নাম।
নতুন অর্কিডটি বালবোফিলাম গণের একটি প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। এই গণে প্রায় দুই হাজার প্রজাতি রয়েছে, যা অর্কিড-পরিবারের মধ্যে সবচেয়ে বেশি।
গবেষকেরা বলেন, এমন অনেক প্রজাতির অর্কিড রয়েছে, যেগুলো নিশাচর কীটপতঙ্গকে আকৃষ্ট করে রাতে পরাগায়ন ঘটায়। কিন্তু রাতে ফুল ফোটে একমাত্র এই বি. নকটার্নামেরই।
সুইটম্যান বলেন, মাঠপর্যায়ের গবেষণা না করা পর্যন্ত বি. নকটার্নাম কেন রাতে ফোটে, সে রহস্য উদ্ঘাটন করা যাবে না। বিবিসি।

1 মন্তব্য(গুলি):

love বলেছেন...

আপনার লেখা গুলি অনেক ভাল কিন্তু আপনি গাছের ছবি দেননি ছবি দিলে আরও ভাল হত সুন্দর মানের ছবি দেখতে চাইলে নিচের লিংক যান
https://goo.gl/oIJ7ZB

একটি মন্তব্য পোস্ট করুন